বিনোদন

ফের অন্তর্জালে অজয়কন্যাকে বিদ্রুপ

বলিউডের অন্য তারকা-সন্তানদের মতোই মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন অজয় দেবগন ও কাজলের আদুরে কন্যা নিশা দেবগন। আর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের শিকার হন।
এর আগেও এ তারকা দম্পতির প্রথম সন্তান নিশা সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন। বিমানবন্দরে তোলা ছবি নিয়ে ‘বডি-শেমিংয়ের’ শিকার হয়েছেন। একবার দুঃখ করে বিদ্রুপকারীদের অজয় এ-ও বলেছিলেন, ‘আমাদের যা খুশি বলুন, ছেলেমেয়েকে নয়।’ কে শোনে কার কথা!
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, অজয়কন্যা নিশার সাম্প্রতিক ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা বলছেন, এই স্টার কিড কি তবে ত্বক উজ্জ্বলের জন্য চিকিৎসা করিয়েছেন?
সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে দেখা যায় অজয়-কাজলের মেয়ে নিশাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, ধূসর ট্রাউজার আর উজ্জ্বল কমলা রঙের চিবুকখোলা টপ পরেছেন নিশা। ক্যাজুয়াল লুকে নিশাকে দারুণ দেখাচ্ছিল। কিন্তু তাঁর ত্বক অধিক ফর্সা দেখানোয় মনোযোগ কাড়ে নেটিজেনদের।
আর সেই ছবির নিচে নেটিজেনরা ভরিয়ে তুলেছেন নানা মন্তব্যে। তাঁদের অনুমান, নিশ্চয়ই ত্বক ফর্সার জন্য চিকিৎসা করিয়েছেন নিশা। আর তা না হলে হঠাৎ করে কেন এত উজ্জ্বল হলেন নিশা?
ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘মায়ের মতো সেও ত্বক উজ্জ্বলের জন্য চিকিৎসা করিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘স্কিন লাইটেনিং সার্জারি কি সেরেই ফেলেছেন, না কি এ শুধুই ক্যামেরার ফ্ল্যাশের কারসাজি?’
বি-টাউনের অনুমান, নিশার মা ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারকা কাজলও ত্বক ফর্সাকরণে চিকিৎসা করিয়েছেন। অনেকে মনে করেন, যখন চলচ্চিত্রে অভিনয় করতেন, সেই সময়গুলোর চেয়ে এখন অনেক বেশি উজ্জ্বল দেখায় কাজলকে। গত বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘হেলিকপ্টার ইলা’। সেখানেও উজ্জ্বল দেখায় এ তারকাকে।
এর আগে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অজয় দেবগন বলেছিলেন, তাঁরা যেন তাঁর ছেলেমেয়েকে বিচার করে কথা না বলেন। বার্তা সংস্থা আইএএনএসকে অজয় বলেন, ‘আমাকে জাজ করুন, কিন্তু আমার সন্তানদের নয়। কাজল ও আমি দুজনই অভিনেতা, আমাদের বিচার করুন… এসব আমাদের কারণেই, আমাদের জন্যই সন্তানেরা সব সময় প্রচারের আলোয় আসছে।’
‘সিংহম’ অভিনেতা আরো বলেন, ‘সত্যি বলছি, ওই মানুষেরা কোনো ব্যাপার নয়। কিন্তু মাঝেমধ্যে আমার খারাপ লাগে যখন আমার বাচ্চারা নিষ্ঠুর বিদ্রুপের ভেতর দিয়ে যায়।’
এদিকে, একবার কাজলকে জিজ্ঞেস করা হয়, যদি নিশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, তিনি কীভাবে তাঁকে সাহায্য করবেন? এ অভিনেত্রী বলেন, ‘আশা করি, নিশা আমাকে জানাবে। আমি তাকে উৎসাহ দেব। আমি চাই সে নিজেই বেছে নিক—জীবনে সে কী করতে চায়, আমি যা চাই তা করতে হবে এমন নয়।’
বলিউডে তারকা-সন্তানদের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। ভক্তদের আশা, সারা আলি খান বা অনন্যা পান্ডেদের মতো নিশা দেবগনও বিনোদন দুনিয়ায় পা রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button