ফেনী সদরের ১২টি ইউপির ৮টিতে চেয়ারম্যান পদে আলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় অনুষ্ঠিতব্য ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাভোটে ৮ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ইউনিয়নগুলোতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৮ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বিজয়ীদের হাতে ‘উইনার স্লিপ’ তুলে দিয়েছেন।
বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন-
সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক বাহার,
ফাজিলপুর ইউনিয়নে মজিবুল হক রিপন,
শর্শদী ইউনিয়নে জানে আলম ভূঞা,
ধর্মপুর ইউনিয়নে শাহাদাত হোসেন সাকা,
কাজীরবাগ ইউনিয়নে কাজী বুলবুল আহমেদ সোহাগ,
মোটবী ইউনিয়নে হারুন অর রশীদ,
ফরহাদ নগর ইউনিয়নে মোশাররফ হোসেন টিপু,
কালীদহ ইউনিয়নে দেলোয়ার হোসেন ডালিম। জয়ীদের মাঝে কালীদহ ইউনিয়নে দেলোয়ার হোসেন ডালিম ছাড়া অপর ৭ জন বর্তমানে সংশ্লিষ্ট ইউপিতে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। জানা যায়, তফসিল অনুযায়ী গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তন্মধ্যে বালিগাঁও ইউনিয়নে ৩ জন, ফরহাদনগর ইউনিয়নে ২ জন, ফাজিলপুর ইউনিয়নে ১ জন ও কালীদহ ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
ফেনীর বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘স্বদেশপত্র’ সম্পাদক নূর নবী জীবন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সরকারদলীয় প্রভাবশালী নেতারা বিভিন্ন ভাবে তাকে প্রভাব বিস্তার করে মনোনয়ন পত্র প্রত্যাহারে চাপ প্রয়োগ করে।
সেজন্য তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। শুধু তিনি নন ওই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একক প্রার্থী থাকায় তিনি ফের নির্বাচিত হয়েছেন। এর আগে গত ১২ ডিসেম্বর রোববার চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থী, ধর্মপুরে ২ চেয়ারম্যান প্রার্থী, শর্শদীতে ১ ও ছনুয়াতে ১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন নির্বাচন কর্মকর্তারা। ফলে এসব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতারা ফের বিজয়ী হয়েছেন। এর আগে কাজীরবাগ ইউপিতে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত একক প্রার্থী থাকায় বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, ১২টি ইউনিয়নে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ই জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




