ফেনীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা
ফেনী প্রতিনিধি : ফেনী জেলা পরিষদসহ চারটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করতে গতকাল সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর, মাদারীপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের প্রার্থীতা চুড়ান্ত করা হলেও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদেও ফেনীতে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার উল্লেখ নেই। এতে করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান বরেণ্য রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী গত ৭ সেপ্টেম্বর ইন্তেকাল করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়। এই শুণ্য পদের উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপনের নাম জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে প্রস্তাব পাঠানো হয়।
গতকাল সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গনভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
খায়রুল বাশার মজুমদার তপন ফেনী জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। তাঁর বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ড গ্রামে। তিনি এর আগে পর পর দুইবার জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু দুইবা্রই তাঁকে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ (ইনু) নেত্রী শিরিন আকতারকে আসনটি ছেড়ে দিতে হয়েছিল।
দলীয় সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর রাতে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বার্ধক্যজনিত কারনে মারা যান। তাঁর মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রত্যাশীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়। গত বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করে রোববার বিকের ৫টার মধ্যে ১০জন মনোনয়ন ফরম জমা দেন।দলীয় মনোনয়ন পেতে খায়রুল বাশার মজুমদার তপন ছাড়াও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলী হায়দার, প্রিয়রঞ্জন দত্ত, আকরাম হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন নাসির, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক ওবায়দুল হক, জেলা যুবলীগের সাবেক আহবায়ক এম. আজহারুল হক মনোনয়ন ফরম সংগ্রহ ও পুরন করে জমা দেন।
এর আগে শনিবার রাতে জেলা আওয়ামীলীগের এক সভায় খায়রুল বাশার মজুমদার তপনকে সমর্থন করে কেন্দ্রে সুপারিশ প্রেরণ করা হয়।
দলীয় সুত্র জানায়, গতকাল সোমবার বিকেলে দলীয় মনোনয় বোর্র সভায় দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও তোফায়েল আহম্মেদ, আমির হোসেন আমু, শেখ সেলিম, আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যা, জাহাঙ্গীর কবীর নানক উপস্থিত ছিলেন।
সভায় খায়রুল বাশার মজুমদার তপনকে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরাত দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপনকে দলীয় মনোনয়ন প্রদানের বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী মুঠোফোনে নিশ্চিত করেন।



