ফেনীতে চিকিৎসকসহ আরো ৪৯ জনের করোনা শনাক্ত

ফেনীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক পত্নী ও একই পরিবারের ৪ জনসহ আরো ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগেরর নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ৯ জন, দাগনভুঞায় ৭ জন ও সোনাগাজীতে ৩ জন রয়েছে।
সদর উপজেলায় ২৯ জনের মধ্যে একজন চিকিৎসক, ২ জন স্বাস্থ্যকর্মী ও একজন সাংবাদিক পত্নী রয়েছেন।
দাগনভূঞায় নতুন করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে। তারা রামনগর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া পৌরসভা এলাকায়, ইয়াকুবপুর ও পূর্বচন্দ্রপুরে ১ জন করে রয়েছে।
ছাগলনাইয়ায় আক্রান্ত ৯ জনের মধ্যে পূর্ব ছাগলনাইয়ায় ২জন, শুভপুরে ২ জন, বাঁশপাড়ায় ২ জন, পশ্চিম ছাগলনাইয়ায়, মটুয়া, দৌলতপুর এলাকায় ১ জন করে রয়েছেন।
সোনাগাজী উপজেলায় আক্রান্ত ৩ জনের বাড়ি নবাবপুরে। অপর একজনের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এ পর্যন্ত ফেনীতে ৩১৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১২১ জন, সোনাগাজীতে ৩৯ জন, দাগনভূঞায় ৯২ জন, ছাগলনাইয়ায় ৩৬জন, ফুলগাজীতে ৯ জন, পরশুরামে ১০ জন ও অন্যান্য উপজেলার ৬ জন রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ৬৮ জন ও মারা গেছে ৭ জন।




