ফেদেরারকে হারিয়ে ইতিহাস গড়লেন রাওনিক

পঞ্চম সেটেই শেষ পর্যন্ত নিষ্পত্তি হল ম্যাচের ভাগ্য। সেন্টার কোর্টে খেলা দেখতে আসা অসংখ্য মানুষ শুক্রবার এক ইতিহাসের সাক্ষী হয়ে রইল। প্রথম কানাডিয়ান টেনিস তারকা হিসেবে উম্বলডনের ফাইনালে উঠলেন মিলোস রাওনিক। সেমিফাইনালে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেদেরারকে হারিয়ে গড়েন এই ইতিহাস। ফাইনালে তার প্রতিপক্ষ ব্রিটেনের অ্যান্ডি মারে।
অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের পথে এদিন শুরুতেই হোঁচট খান ফেদেরার। প্রথম সেটেই রাওনিকের ৬-৩ গেমে হেরে বসেন। কিন্তু ১১টি উইম্বলডনের সেমিফাইনাল খেলা ফেদেরার কি এতো দ্রুতই হার মানবেন! দ্বিতীয় সেট ৭-৬ গেমে জিতে ম্যাচে সমতা নিয়ে আসেন এই সুইস তারকা। তৃতীয় সেটটিও নিজের করে নেন ৬-৪ গেমে জিতে। কিন্তু তারপরেই যেন খেই হারাতে থাকলেন ১৭ গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা।

রাওনিকের দ্রুতগামীর সার্ভ এবং ব্যাকহ্যান্ড শটে নাস্তানবুদ হতে থাকেন ফেদেরার। চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে ফিরে আসেন রাওনিক। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানেই হারলেন ফেদেরার। ৬-৩ গেমে শেষ সেট জিতে নিয়ে ইতিহাস গড়লেন ষষ্ঠ বাছাই রাওনিক।
ফেদেরারের বিপক্ষে এই জয়ে বেশ রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত রাওনিক। ‘আমি আবেগ দিয়ে খেলেছি। সবসময় পজিটিভ ছিলাম। মানসিকভাবে এটি আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ।’




