ফেইসবুকে অ্যাকাউন্ট খুলতেই ৭ লাখ ফলোয়ার সু চি’র
সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে পা রাখলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। লাখ লাখ ফলোয়ারও জুটে গেছে তার।
সু চি’র ফেসবুক অ্যাকাউন্ট থেকে বুধবার দেওয়া প্রথম পোস্টটি ছিল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা সম্পর্কীত- “দ্রুত এবং আরও দক্ষতার সঙ্গে যোগাযোগ করুন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে যোগ দেওয়ায় ক্ষেত্রে এতদিন অনীহা দেখিয়ে আসা সু চি পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাতে ৩ লাখ ১০ হাজার লাইক দেখা যায়। ফলোয়ার দাঁড়ায় ৭ লাখেরও বেশি। সু চি’র অ্যাকাউন্টটি এরই মধ্যে ভেরিফাইড করেছে ফেসবুক।
বিশ্ব জুড়ে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মধ্যে মিয়ানমারকে সতর্ক করে হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে এতে দেশটির প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হতে পারে। যা দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগ বয়ে আনতে পারে। এর কিছুক্ষণ পরই আসে সু চি’র পোস্টটি।
সাম্প্রদায়িক সহিংসতার কারণে মিয়ানমারে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ, যাদের বেশির ভাগই নিপীড়িত রোহিঙ্গা মুসলিম। দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর গণগত্যা চালানোর অভিযোগে বিশ্ব জুড়ে বদনামের শেষ নেই এক সময়ের মানবাধিকারের আইকন সু চি’র।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় বেশ কয়েক হাজার রোহিঙ্গা প্রাণ হারায়; সীমান্ত পাড়ি দিয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে আসে বাংলাদেশে। ফেসবুক জানিয়েছিল, মারাত্মক ওই সহিংসতায় প্ররোচনায় তাদের প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছিল।
গত জানুয়ারিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস- আইসিজে এক অন্তবর্তী আদেশে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা থেকে রক্ষা করতে নির্দেশ দিয়েছিল। যদিও ওই আদেশ প্রত্যাখ্যান করে মিয়ানমার জানায়, তারা রোহিঙ্গাদের ওপর কোনো গণহত্যা চালায়নি।




