slider

ফুলবাড়ীতে বোরিং করতে গিয়ে গ্রেনেড উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শ্যালো মেশিনের বোরিং করতে গিয়ে মাটির নিচ থেকে একটি মরিচা ধরা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাকের কলাবাগান থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই রেজাউল ইসলাম। গ্রেনেডটি উদ্ধার করে ফুলবাড়ী থানায় পানি বোঝাই বালতিতে রাখা হয়েছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের রাজ্জাকের কলাবাগানে শ্যালো মেশিন বোরিং করার সময় হঠাৎ বোরিংকৃত শ্যালো দিয়ে পানি উঠা বন্ধ হয়ে যায়। এ সময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে উঠালে পাইপের মুখে মরিচা ধরা লোহার গ্রেনেডসদৃশ কিছু আটকে থাকতে দেখেন। পরে রাজ্জাক ওই বস্তুটি মিস্ত্রিদের সহায়তায় বের করে পাশের খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জমা দেন। ইউপি চেয়ারম্যান এনামুল হক পুলিশকে বিষয়টি জানালে থানার এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে আমাকে জমা দিলে, আমি তা পানি ভর্তি বালতিতে রেখে দেই। পরে পুলিশকে খরব দিলে পুলিশ এসে নিয়ে যায়। গ্রেনেডসদৃশ বস্তুটি মরিচা ধরা হলেও তাতে ১৯৬৬ সাল লেখা দেখা গেছে।’
এসআই রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বস্তুটি অনেক পুরনো। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে। গ্রেনেডটি নিরাপদে পানি ভর্তি একটি বালতিতে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেনেডের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button