ফিলিপাইনে মানবাধিকার নেত্রীকে গুলি করে হত্যা

ফিলিপাইনে খাবার কিনতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন এক মানবাধিকার নেত্রী। সোমবার সন্ধ্যায় এক আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
আলজাজিরা জানায়, নিহত জারা আলভারেজ মানবাধিকার সংগঠন কারাপাতানের সাবেক শিক্ষা বিষয়ক পরিচালক ।
খাবার কিনে ঘরে ফেরার সময় হামলার শিকার হন আলভারেজ। ছয়টি গুলি করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে বন্দুকধারী।
পুলিশ জানায়, মধ্য বেকলড শহরে আততায়ীর গুলিতে নিহত হন আলভারেজ। প্রত্যক্ষদর্শীরা ওই আততায়ীকে ধাওয়া করলে সহযোগীর সহায়তায় মোটর সাইকেলে চড়ে সে পালিয়ে যায়। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে প্রশাসনের অধীনে ‘ভিন্নমতের বিরুদ্ধে যুদ্ধ’ চলাকালীন এ হত্যাকাণ্ড ঘটলো। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ জন্য ব্যাপকভাবে সমালোচিত দুতার্তে।
নেগরোস দ্বীপে কৃষকদের বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আলভারেজ। ২০১৯ সালে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় মানুষ।
কারাপাতান জানায়, ২০১৬ সালে দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে আলভারেজকে নিয়ে সংগঠনটির ১৩ জন সদস্য হত্যাকাণ্ডের শিকার হলো।
দুতার্তে সন্ত্রাস দমনে বিতর্কিত আইন অনুমোদনের কয়েক সপ্তাহের মধ্যে এ হত্যার ঘটনা ঘটলো। ওই আইনে ওয়ারেন্ট ছাড়াই কোনো ব্যাক্তিকে গ্রেপ্তার করার অনুমতি দেয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে সেইসঙ্গে অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় আটক রাখা যাবে।




