ফিরেছেন প্রধানমন্ত্রী : মঙ্গলবার সংবাদ সম্মেলন

ব্রিকস-বিমসটেক আউট রিচের সম্মেলন শেষ করে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা। গত রবিবার ব্রিকস-বিমসটেক আউট রিচের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় যান প্রধানমন্ত্রী।
সফলভাবে সম্মেলন শেষ করে প্রধানমন্ত্রী আজ সকাল ৭টা ১০ মিনিটে দেশে ফেরার উদ্দেশ্যে গোয়ায় ভারতীয় নৌ-বাহিনীর বিমান ঘাঁটিতে হাজির হন। সেখানে প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং গোয়া রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা।
দুই দিনের ওই সফরে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রীর ওই বৈঠক নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে।




