শিক্ষাশিরোনাম

ফল প্রকাশের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ফল প্রকাশের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
কর্মসূচির পূূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন।
এর আগে বুধবার (৩১ জুলাই) একই দাবিতে আন্দোলন করলেও শিক্ষকদের আশ্বাসে ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
বিভাগ সূত্রে জানা যায়, গত বছর বিভাগের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শুরু হয় ১৩ নভেম্বর ও শেষ হয় ১০ ডিসেম্বর। দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর মধ্যে। তৃতীয় বর্ষের পরীক্ষা ৮ নভেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে চলতি বছরের ২৪ জানুয়ারি শেষ হয়। তবে এ বছরের ১৭ জুলাই প্রথম বর্ষের ফল প্রকাশ করা হলেও অন্যান্য বর্ষের ফল এখনও প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী ৬০দিনের মধ্যে বিভাগগুলোর ফল প্রকাশের নির্দেশনা রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন থেকে নির্দেশনা দেওয়ার পরও সংশ্লিষ্ট কোর্সের খাতা মূল্যায়ন করা হয়নি। এতে বোঝা যায় কতিপয় শিক্ষক শিক্ষার্থীদের প্রতি উদাসীন। আমরা শিক্ষকদের কথামত আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু সেই শিক্ষকরা আমাদেরকে হতাশ করেছেন। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচিতে বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টায় একাডেমিক কমিটির জরুরি সভা শুরু হয়।
বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সম্পূর্ণ নম্বরপত্র পাইনি। কিছু খাতার নম্বর এখনও বাকি আছে। তাই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।
উল্লেখ্য, বুধবার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বিভাগের শিক্ষকরা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সঙ্গে দেখা করেন। উপাচার্য যেসব খাতা অমূল্যায়িত আছে সেগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল্যায়ন করে নম্বরপত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে নির্দেশ দেন। তাই শিক্ষার্থীরাও ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করেন। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে নম্বর জমা না দেওয়ায় ফের অবস্থান নেন শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button