slider

ফরিদপুরে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত নয়জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসদরের মধুবন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে সুমন আলী (৩৮) এবং বরিশাল সদরের সারুখালী এলাকার মরহুম ইয়াছিন হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৬০)।

আহতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালী (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)।

মধুখালী পৌরসদরের গোন্দারদিয়া এলাকার বাসিন্দা মির্জা হাদিউজ্জামান প্রিন্স বলেন, ‘ঈদ উপলক্ষে বরিশাল সদরের সারুখালী এলাকার সিরাজ হাওলাদার আত্মীয়স্বজন নিয়ে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামে জুয়েল বিশ্বাসের (সম্পর্কে ভাগ্নি জামাই) বাড়িতে দু’দিন আগে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বিভিন্নস্থানে বেড়ানোর পর ইজিবাইকে করে গোন্দারদিয়ায় ফেরার পথে বাসচাপায় দুইজন নিহত হয় এবং অন্যরা আহত হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরাগামী লেনের উপর মধুখালী বাজার হতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গোন্দারদিয়ায় যাওয়ার জন্য ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী লেনে যাওয়া মাত্রই ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস নিজ লেন ছেড়ে মাগুরাগামী লেনে ঢুকে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দু’জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো নয়জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বাসটি জব্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button