sliderস্থানিয়

ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড (SWF)।

আজ শুক্রবার (২৫ জুলাই) ফরিদপুর সদর উপজেলার হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বর্তমানে তারা উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যের ফেরিওয়ালা অধ্যাপক মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের ফরিদপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড (SWF)-এর সকল স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাবৃত্তির অর্থ যেন শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যেই ব্যয় হয়। তারা সরকারের বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রমের কথা তুলে ধরেন এবং বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, “শুধু চাকরি বা সার্টিফিকেট নয়, নিজের মানবিক ও আদর্শিক গুণাবলি গড়ে তুলে সমাজে এক আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য।”

অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন, সন্তানদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে পরিবারের উৎসাহ ও সহায়তার বিকল্প নেই। দরিদ্র হলেও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজক সংস্থার নেতারা।

সমাপ্তি বক্তব্যে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড (SWF)-কে এমন মহতী উদ্যোগের জন্য বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানান উপস্থিত অতিথি ও অভিভাবকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button