ফরিদগঞ্জে ইয়াবার সর্ববৃহৎ চালানসহ ৩ জন গ্রেফতার

সংবাদদাতা, ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর জেলার সর্ববৃহৎ ইয়াবার চালানসহ মামুন পাটওয়ারী (৪২), রাসেল (৩৫) ও রেজাউল করিম (২২) নামে তিনজনকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ১৭ হাজার ৫০০ পিচ ইয়াবা (যার আনুমানিক মূল্য বায়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা), নগদ ৭০ হাজার টাকা ও ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল রংয়ের একটি এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মামুন ফরিদগঞ্জ উপজেলার এবং রাসেল ও রেজাউল চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
সোমবার বিকেলে ফরিদগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দীনের নেতৃত্বে মামুনের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় জব্দকৃত ইয়াবা, টাকা ও মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আটককৃত ইয়াবার সর্ববৃহৎ চালান এটি। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনী জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও আশপাশে কয়েকটি জেলায় সরবরাহ করতেন।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




