শিরোনামশীর্ষ সংবাদ
‘ফণী’র প্রভাবে সারাদেশে নিহত ১৮
প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সৃষ্ট বজ্রপাত, ঝড় ও বিদ্যুস্পৃষ্ট হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। ফণীর প্রভাবে শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
এর মধ্যে শনিবার ভোরবেলা ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কুরালিয়া গ্রামে ঘরচাপা পড়ে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রায় একই সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালিয়ার খাল গ্রামে ঘরের নিচে চাপা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এরা হলেন, আব্দুল বারেকের স্ত্রী নুরজাহান বেগম (৬০) ও তার নাতি জাহিদুল ইসলাম (৮)। এছাড়াও নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচরে ঘরচাপা পড়ে চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের দুই বছরের শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে।




