জয়ের জন্য দরকার ছিল ২৫৫ রান, হাতে ছিল নয় উইকেট, সময় ছিল দুই দিন। এমন হিসেব সামনে রেখে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে খেই হারাল ইংল্যান্ড। মাঠ ছাড়ল হারের তেতো স্বাদে।
সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে রোববার ম্যাচটিতে ১০৭ রানের হার মানে ইংল্যান্ড। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দলীয় স্কোরে আর ১৮ রান জমা পড়তেই উইকেট হারায় আগের দিন ১ উইকেটে ১২১ রান করা ইংল্যান্ড। উইকেট ছাড়া হন ৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ওপেনার ররি বার্নস।
লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় অতিথি ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭১। চতুর্থ উইকেট জুটিতে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জো রুট ও বেন স্টোকস। ৪৬ রানের এই জুটিতে ফাটল ধরান কেশভ মহারাজ। দলীয় ২০৪ রানে স্টোকসকে (১৪) উইকেট ছাড়া করেন এই স্পিনার।
এরপর আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। স্বাগতিক দলের বোলারদের সামনে ধারাবাহিক উইকেট হারাতে থাকে তারা। দলীয় ২৩২ রানে অধিনায়ক জো রুট (৪৮) উইকেট ছাড়ার সাথে সাথে নিভে যায় অতিথি দলের আশার বাতি।
প্রোটিয়া বোলারদের মধ্যে ১০৩ রানে ৪টি উইকেট নেন কাগিসো রাবাদা। তিনটি উইকেট নেন এনরিক নরিয়ে। অন্যদের মধ্যে কেশভ নেন দুটি উইকেট। একটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস।
ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
সিরেজের দ্বিতীয় টেস্ট হবে ক্যাপ টাউনে, শুরু হবে ৩ জানুয়ারি থেকে।




