বিনোদন

প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ধুমধামে হলো বিবাহ-পূর্ব অনুষ্ঠান ব্রাইডাল শাওয়ার, যদিও তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস এখনো বিয়ের তারিখ ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন এ যুগল।

ব্রাইডাল শাওয়ার হলো বিয়ের আগে কনেকে উপহার দেওয়ার অনুষ্ঠান। গতকাল রোববার এ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ারের ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

 সাদা পোশাকে অপরূপা প্রিয়াঙ্কা। ছবি : ইনস্টাগ্রাম

মনে করা হচ্ছে, দ্রুতই প্রিয়াঙ্কা-নিক নিউইয়র্কে বিয়ের শপথ গ্রহণ করবেন। প্রিয়াঙ্কার টিম তাঁর জন্য ব্রাইডাল শাওয়ার আয়োজন করে। সেখানে সাদা রঙের মার্চেসা ফেদার্ড ড্রেস ও পাম্প শু পরা প্রিয়াঙ্কাকে অপরূপ দেখাচ্ছিল। সঙ্গে ছিল টিফানির হীরার হার। প্রিয়াঙ্কার স্টাইলিস্ট মিমি কাটরেল ওই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে দেন।

ওই পার্টি সঞ্চালন করেন প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু মুবিনা রাত্তোনসেই ও অঞ্জুলা আচার্য। অতিথির তালিকায় ছিলেন হলিউড তারকা কেলি রিপা, লুপিতা নিয়োঙ্গো, প্রিয়াঙ্কার হবু ননদ ড্যানিয়েল জোনাস ও তাঁর কন্যা এলিনা। অনুষ্ঠানস্থলের বাইরে গণমাধ্যমকর্মীদের প্রিয়াঙ্কা চোপড়া বলেন, এ আয়োজনের জন্য তিনি ‘খুব’ উত্তেজিত।

বন্ধুদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা। ছবি : ইনস্টাগ্রাম

ব্রাইডাল শাওয়ারের একটি ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর বন্ধুদের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে রয়েছেন, এক বন্ধু তাঁর চুল টানছেন। ক্যাপশনে লেখা, ‘শহরে আমার মেয়েরা!’

বেশ কয়েক দিন ধরে প্রিয়াঙ্কা ও নিক নিউইয়র্কে রয়েছেন। তাঁদের একটি রেস্তোরাঁয় দেখা যায়। একটি গানের অনুষ্ঠানও একসঙ্গে দেখেন তাঁরা। সোমবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, সেখানে নিকের কোলে তাঁর ভাতিজাকে দেখা যায়।

রাতে রেস্তোরাঁর পথে প্রিয়াঙ্কা-নিক। ছবি : ইনস্টাগ্রাম

মার্কিন গায়ক নিক জোনাস ও প্রিয়াঙ্কা একে অপরকে ভালোবাসেন। গত ১৮ আগস্ট এ যুগলের বাগদান হয়। তার পর থেকেই দুজন দেশ-বিদেশ ঘুরছেন। আর সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ারও দিচ্ছেন। তাঁদের ভক্তরা এখন বিয়ের জন্য দিন গুনছে।

চলতি বছরে ভারতের রাজস্থানের মেহরনগড় দুর্গে নিক ও প্রিয়াঙ্কা রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধবেন। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর হবে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। তবে ২৯ নভেম্বর থেকে টানা তিন দিন চলবে সাড়ম্বর আয়োজন।

হবু শাশুড়ি মিলার জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি : ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কা চোপড়া এখন সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে আরো রয়েছেন জাইরা ওয়াসিম ও ফারহান আখতার। জাইরার মায়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। চলতি মাসের শুরুতে এ ছবির লন্ডন শিডিউলের শুটিং শেষ হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button