শিক্ষাশিরোনাম

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

সরকারিকরণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর ৬৪ জেলায় মানববন্ধন, ১৫ সেপ্টেম্বর ৮ বিভাগে মানববন্ধন, ২২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, ফিরোজ উদ্দিন, সহ সভাপতি শাহনাজ পারভিন, ধরনি মোহন রায়, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমন কুমার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র রায় প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান নেয়ায় চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করনে। সেখান থেকে ৫ শিক্ষককে আটক করে পুলিশ। আটককৃত শিক্ষকরা হলেন- আনোয়ার, বদরুল আমিন, নিগার সুলতানা, লিলা রানী দাস, শেখ শিখা। আটককৃত শিক্ষকদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।
সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়। শিক্ষকদের অভিযোগ, সে সময়ে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা যথাযথভাবে পরিসংখ্যান করা হয়নি। ফলে সারাদেশের ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের সুযোগ থেকে বঞ্চিত হয়।
সরকারিকরণের দাবিতে তৃতীয় ধাপেও বাদ পড়া এই বিদ্যালয়গুলোর শিক্ষকরা গত ২১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান ধর্মঘট পালন করেন। পরে ২৬ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছিলেন তারা। পরে তিনজন সচিবের আশ্বাসে ৭ ফেব্রুয়ারি অনশনের ১৮ দিন পর কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যান। কিন্তু এখন পর্যন্ত সরকার বাদপড়া ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা নেমে আসে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button