
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি ১০ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাইছেন এটা নিঃসন্দেহে ভালো। তবে সবাইকেই তা করতে হবে। কিন্তু কিছুদিন আগে আপনি বিলেতে গিয়ে ডাক্তার দেখাইছেন সেখানে কত টাকা খরচ করেছেন তা প্রকাশ না করা সত্যকে প্রকাশ না করার সমতুল্য।
তিনি বলেন, চিকিৎসকরা গ্রামে যায় না বলে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে আপনি চান না চিকিৎসকরা গ্রামের যাক। কারণ এরা উচ্চবিত্ত, আপনারই আত্মীয়-স্বজন।
শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিউচার অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান দেশে প্রধান সমস্যা হলো বেকার সমস্যা, এ সমস্যা সমাধান হলে দেশ আরও উন্নত হবে। প্রধানমন্ত্রী আপনি চাইলেই এ বেকার সমস্যার সমাধান হবে। তাই সব সময় সত্য প্রকাশ করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেন, মিটিং-মিছিল করতে দেন। তাহলে দুর্নীতি রোধ হবে।
তিনি বলেন, আমাদেরকে কথা বলতে দেন। মিটিং মিছিল করতে দেন। আমরা যাতে আমাদের অধিকার টুকু পাই সে ব্যবস্থা করেন, কারণ মানুষের অধিকার না থাকলে উন্নয়ন অর্থহীন।
জাফরুল্লাহ বলেন, সত্য প্রকাশের জন্য প্রতিদিন বিনা বিচারে বাংলাদেশ খুন গুম হত্যা হচ্ছে। এর তথ্য না জানাটাও বিরাট দুর্নীতি। সংসদে বসে আধাঘণ্টার মধ্যে বিল পাস করছে কে কত টাকা নিয়েছেন সেটা প্রকাশ করছেন না। যে অর্থমন্ত্রী অবসর নিয়েছে তার খাজনা মওকুফ করেছেন এটাও একটা দুর্নীতি। এসব দুর্নীতিও পরিষ্কার করা উচিত।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা টিউশন নিয়ে আন্দোলন করেন অথচ কোচিং বন্ধের জন্য কোনো আন্দোলন করেন না। কোচিং বন্ধের জন্য আন্দোলন করতে হবে।
মানববন্ধনে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ফিউচার অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত আজিজ, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।




