রাজনীতিশিরোনাম

‘প্রধানমন্ত্রীর সংবর্ধনায় যোগ দেবে ১০ লাখ মানুষ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
শনিবার (৩ নভেম্বর) শোকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
আগামী রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনার আয়োজন করেছে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার জন্য নজিরবিহীন ভূমিকা রেখেছেন। যা ইতোপূর্বে কেউই করেনি। তাই আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্রিত হবো।
‘আগে হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল, এখন পক্ষে কেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। তারা শাপলা চত্বরে অবস্থান নিয়ে তাদের দাবি সরকারের কাছে উপস্থাপন করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান। এই আইন পাস করানো ছোট কোনও বিষয় নয়। এটা নজিরবিহীন।
এই সমাবেশ নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মাওলানা মাসঊদ বলেন, এটি নির্বাচনী সমাবেশ নয়। এটি শোকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।পূর্বপশ্চিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button