প্রধানমন্ত্রীর বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বাঘাইছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ১৩ই জুন সোমবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, কাচলং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান, বাঘাইছড়ি পৌরসভার সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জনপ্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সংবাদিক সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে প্রশিক্ষনর্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়বস্তু বর্ণনা করেন কাচালং সরকরী কলেজের বাংলা প্রভাষক মীর কামাল হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারন বিষয়ে সুপারিশ প্রনয়ন কর্মশালার উদ্দেশ্য। আর এই প্রশিক্ষণ কর্মশালার প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে উদ্যোগ সমূহের অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের সুপারিশ প্রণয়ন করা হবে। কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশ নেয়া সকল গ্রুপ থেকে মাতামত ও পরামর্শ লিপিবদ্ধ করা হয়।



