শিরোনাম

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত

সংবাদদাতা, মাদারীপুর : মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জেলা ছাত্রলীগের দু’পক্ষ মিছিল নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নাজিমউদ্দিন কলেজে আনন্দ র‌্যালির আয়োজন করেছিলাম। অপরপক্ষ পাল্টা মিছিল নিয়ে আমাদের মুখোমুখি হয়। এরপর তাদের হামলার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে সম্প্রতি অব্যাহতির পাওয়া তানভীর মাহমুদ আবীর বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা কলেজে কেক কাটি। এরপর ওই পক্ষ আমাদের মিছিলের সামনাসামনি হলে তারা আমাদের ওপর হামলা করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, উভয়পক্ষই উত্তেজনাপূর্ণ অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button