প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (০৯ জুলাই) মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।
একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়ে শীর্ষে পৌঁছেছে ভারত। ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে কোহলিরা। বিশ্বকাপের গ্রুপ পর্বে অসাধারণ খেলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
কিন্তু নিউজিল্যান্ড প্রথম দিকে দুর্দান্ত শুরু করলেও শেষের দিকে টানা তিনটি ম্যাচ হারে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে এক পর্যায়ে তাদের সেমিফাইনালে ওঠা নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়।
বিশ্বকাপে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফলাফলের দিক দিয়ে চারবার জয় নিয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। তবে এবারের আসরে ভারতের জয়ের ধারা দেখে ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের জয় পাওয়াটা সহজ হবে না।
বিশ্বকাপের সবশেষ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার্স-আপ হওয়া নিউজিল্যান্ড প্রথমবার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে। বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ হওয়ায় ধোনির জন্য এই বিশ্বকাপ জিততে চান বিরাট কোহলির দল।
১১ বছর পর এবার বড়দের বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এবারও দুই দলের নেতৃত্বে সেই কোহলি ও উইলিয়ামসনই। মজার ব্যাপার হলো সেবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বলেই আউট হয়েছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কলিন মুনরো, রস টেলর, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি।
ভারতের সম্ভাব্য একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ।




