
প্রতিদিন দুই হাজার পাঁচশ’ ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের বরাত দিয়ে ডিএমপি নিউজ এ কথা জানিয়েছে।
রবিবার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হবে।
আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেবে।
সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ওই দিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।




