পেন্টাগনকে চরম হুঁশিয়ারি দিল বেইজিং

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের সরকারি দৈনিক পিপলস ডেইলি-র দাবি, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বেইজিংয়ের বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।
সংবাদপত্রের সম্পাদকীয়তে এই প্রতিবেদন প্রকাশ করেছে পিপলস ডেইলি। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিনীরা নাক গলানোর ফলে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক – উভয় স্থিতিশীলতাই ঝুঁকির মুখে পড়েছে। সম্পাদকীয়তে প্রকাশ, ওয়াশিংটনের জানা উচিত, সব কিছুরই চূড়ান্ত সীমারেখা থাকে। সেই সীমারেখা অতিক্রম করলে তার মাশুল দিতে হয়!
পিপলস ডেইলি চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র বলে পরিচিত। যার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা যদি পরিণতির কথা না ভেবেই চাপ ও হুমকি দেয়ার পথ বেছে নেয় তাহলে দক্ষিণ চীন সাগরে সম্ভাব্য উত্তেজনা আরো বাড়বে। ফলাফল খারাপ হলে সব দায় ওয়াশিংটনের উপরেই বর্তাবে।




