বিনোদন

পূর্বপুরুষের বাড়ি দেখে আপ্লুত দিলীপ কুমার

ভারতীয় সিনেমায় ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে খ্যাত দিলীপ কুমার। সম্প্রতি করোনায় হারিয়েছেন ছোট দুই ভাইকে। এমন পারিবারিক দুঃসময়ে সুখবর পেলেন অভিনেতা। পাকিস্তান সরকার তার পূর্বপুরুষদের বাড়িটি সংরক্ষণ করছে।
সম্প্রতি খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকার বলিউড তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িগুলো অধিগ্রহণ করে ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণ করা হবে।
বর্তমানে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। ছেলেবেলার স্মৃতি রোমন্থন করতে চেয়েছিলেন ৯৭ বছরের অভিনেতা দিলীপ। তাই পাকিস্তানের ভক্তদের কাছে বাড়ির ছবি পাঠাতে অনুরোধ করেন।
দিলীপ কুমারকে ছবির পাশাপাশি প্রচুর ভালোবাসাও জানিয়েছেন প্রতিবেশী দেশের নাগরিকেরা। যা দেখে খুবই অভিভূত ‘দেবদাস’ নায়ক।
পাকিস্তানি সাংবাদিক শিরাজ হাসান টুইটারে দিলীপ কুমারের সেই ভগ্নদশা বাড়ির কিছু ছবি শেয়ার করেন। ছবি পেয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মানপ্রাপ্ত অভিনেতা। লেখেন, “এটি শেয়ার করার জন্য ধন্যবাদ। পেশোয়ারের সবার কাছে আমার পূর্বপুরুষের বাড়ির ছবি শেয়ার করা ও ‘#দিলীপকুমার’ ট্যাগ করার জন্য অনুরোধ করছি।”
সেই পোস্টের পরই হ্যাশ ট্যাগটি ট্রেন্ডিং হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বাড়িটির ছবি শেয়ার শুরু করেছেন। অভিনেতাকে কতটা ভালোবাসেন সেটা জানাতেও ভোলেননি তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button