রাজনীতিশিরোনাম

পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ পণ্ড

ভারতে মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের নির্যাতনসহ দেশটির মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে এর আগে সকাল থেকে জাতীয় বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হতে থাকে চরমোনাই পীরের অনুসারীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে বায়তুল মোকাররম প্রাঙ্গণে শতশত নেতাকর্মী ভরে ওঠে।
দুপুর পৌনে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি পল্টন মোড় এলাকায় আসার পরই পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ভারতে মুসলিমদের উপর নির্যাতন চলছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নামব। যারা এই কর্মসূচিতে বাঁধা দিচ্ছে তারা মুসলমানদের সরকার হতে পারে না। সরকারসহ সকলকে বলব প্রশাসন যে আমাদের বাঁধা দিয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই। ভারতে যেসব মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’
রেজাউল করিম বলেন, ‘পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা এখানেই মিছিল শেষ করি। যাতায়াতের সুবিধার্থে তাই পল্টন মোড়েই মিছিল শেষ করেছি। তবে আমাদের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি নিয়ে যাবে। সেখানে আমরা ভারত সরকারকে অনুরোধ করব, যাতে করে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করা হয়।’
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম শিবলী নোমান ঢাকাটাইমসকে বলেন, ‘রাস্তায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। তাই মিছিলটি পল্টন মোড়ে আটকে দেওয়া হয়েছে। এখন তারা রাস্তা ছেড়ে দিয়েছে। আমরা তাদের কয়েকজনের একটি দলকে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে পাঠিয়ে দিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button