অর্থনৈতিক সংবাদশিরোনাম

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের দাবি সিএসই’র

বাজেটে ইকোনমিক জোনের মতো পুঁজিবাজারেও বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
রোববার (১৬ জুন) ঢাকাস্থ সিএসইর প্রধান কার্যালয়ে আয়োজিত প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম ফারুক এ দাবি জানান।
সিএসইর দাবি-তাদের দেওয়া বিভন্ন বাজেট প্রস্তাবনার মধ্যে মাত্র একটি প্রস্তাব আংশিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। বাকী প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি বা বিবেচনায় নেওয়া হয়নি। সিএসই কর্তৃপক্ষ তাদের দেওয়া বিভিন্ন প্রস্তাব বিবেচনায় নেওয়ার জন্য দাবি জানিয়েছে।
বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের দাবি করেছে তারা। পাশাপাশি আবাসন খাতের মতো শেয়ারবাজারেও অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গোলাম ফারুক বলেন, বাজেটে অপ্রদর্শিত আয় ফ্ল্যাট, জমি কেনা এবং ইকোনমিক জোনে বিনিয়োগ করা যাবে। তবে কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি। পাচার রোধ করা ও বিনিয়োগের স্বার্থে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে নির্দিষ্ট পরিমাণ কর দেওয়া সাপেক্ষে পুঁজিবাজারেও বিনিয়োগের সুযোগ দেয়ার অনুরোধ করছি।
শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং গুণগত সম্প্রসারণের জন্য বাজেট প্রস্তাবের আগে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে জানানো প্রস্তাবনাগুলো পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আগামী বাজেটে শেয়ারবাজারের প্রতি গুরুত্ব আরোপ, লভ্যাংশ আয়ে করমুক্ত সীমা বাড়ানো, দ্বৈতকর পরিহার এবং রিজার্ভ ও বোনাস শেয়ারে কর আরোপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিএসই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button