জাতীয়শিরোনাম

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই : ডিজি

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট না থাকার সঙ্গে নাগরিকত্ব থাকা না-থাকার কোনো সম্পর্ক নেই; নাগরিকত্ব ত্যাগ করা আলাদা বিষয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তার এমন বক্তব্য আসে।
মহাপরিচালক বলেন, তারেক রহমানের হাতে এই মুহূর্তে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। ট্র্যাভেল পাস নিয়ে দেশে ফিরতেও তার কোনো বাধা নেই। তবে দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় আপাতত নতুন কোনো পাসপোর্ট তিনি পাবেন না।
২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়ার পর আর ফেরেননি তারেক। সেখানে থাকা অবস্থায় বাংলাদেশের আদালতে দুটি মামলায় তার সাত ও দশ বছরের সাজার রায় হয়।
যে পাসপোর্ট নিয়ে তারেক লন্ডন গিয়েছিলেন, তার মেয়াদ ২০১৩ সালে ফুরিয়ে যাওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত ২৩ এপ্রিল বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তার পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে ‘সারেন্ডার’ করেছেন। এর মধ্য দিয়ে তারেক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেই তিনি মনে করেন।
প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪ এপিল যে সংবাদ সম্মেলন করেন, সেখানে প্রথমবারের মত দলটি স্বীকার করে নেয় যে, তারেক তার পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য। ফখরুলের দাবি, তারেক নাগরিকত্ব ত্যাগ করেননি।
ওই বিতর্কের সূত্র ধরে বৃহস্পতিবার পাসপোর্ট অধিদপ্তরের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, তারেক রহমান এখনও বাংলাদেশের নাগরিক কি না।
উত্তরে মহাপরিচালক বলেন, ‘নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে সবার কি পাসপোর্ট আছে? না থাকলে তারা কি নাগরিকত্ব হারিয়েছে? তা তো না। নাগরিকত্ব একটা আলাদা জিনিস। সে যদি নিজে থেকে বলে যে আমি নাগরিকত্ব সারেন্ডার করব, সেটা আলাদা কথা। বাট পাসপোর্টের সাথে এটা না।’
মহাপরিচালক বলেন, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্র্যাভেল পাস নিয়ে তার মাধ্যমে দেশে আসতে পারেন। দেশে আসার পর তিনি জাতীয় পরিচয়পত্র নিতে পারেন এবং তারপর নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। নতুন আবেদন পেলে পাসপোর্ট অধিদপ্তর তখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button