পারিবারিক ভ্রমণের নামে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ বন্দরে ২ হাজার ৬০০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি পেট্রল পাম্প এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আবদুল হান্নান শাহীন (৪৬), শাজাহান সরদার ওরফে সাজু মিয়া (৩৮) ও মোছা. সুরাইয়া আক্তার মীম (২৭)। আবদুল হান্নান শাহিনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লাওতলী এলাকায় এবং শাজাহান সরদার ওরফে সাজু মিয়া (৩৮) ও মোছা. সুরাইয়া আক্তার মীমের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন পাপরাইল এলাকায়।
মঙ্গলবার র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শাজাহান সরদার ও তার স্ত্রী মোছা. সুরাইয়া আক্তার মীম আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পারিবারিক ভ্রমণের নামে ফেনী থেকে অভিনব কায়দায় ও সুকৌশলে ইয়াবা কিনে এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।




