
পাবনায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জেলা কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইনে (১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে পাবনা বিআরটিএ কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাননি দুদক কর্মকর্তারা।
দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার বিআরটিএ কার্যালয়ে যানবাহনের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়ায় রোববার বিআরটিএ পাবনা কার্যালয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের টিম আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় পাবনা বিআরটিএ অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত ছিলেন না।
তবে অপর একটি সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ের দালাল চক্র আগে থেকে খবর পাওয়ায় দায়িত্বরত কর্মকর্তা ও দালাল চক্র সটকে পড়ে।
এনটিভি




