রাজনীতিশিরোনাম

পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী: জেএসডি

পাট এবং পাট শিল্পকে প্রকৃতি সুরক্ষার প্রয়োজনে এগিয়ে নেওয়া যখন জরুরী তখন ২৫ টি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি)-এর সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
একইসঙ্গে সরকারকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, প্রকৃতি বান্ধব পাট এবং পাট শিল্পের প্রয়োজনীয়তা যখন জরুরী হিসাবে প্রতিভাত হচ্ছে, পাটের উৎপাদন বৃদ্ধি করার জন্য যখন কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে, পাটের বহুমুখী পণ্য যখন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে তখন একযোগে ২৫ টি পাটকল বন্ধ ঘোষণা চরম আত্মঘাতী সিদ্ধান্ত। পোশাকশিল্পের লাখ লাখ কর্মহীন শ্রমিকের সাথে পাটকলের কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বৃদ্ধি করবে। এটা কোনভাবই কাম্য নয়।
তারা বলেন, বেসরকারি খাতের পাটকলগুলো লাভজনক অবস্থায় টিকে থাকতে পারলেও সরকারের আওতাধীন জুট মিলগুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে শুধুমাত্র অব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতির কারণে। এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।
বিবৃতিতে জেএসডি নেতৃবৃন্দ বলেন, পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর পিপিপির আওতায় পাটকলের আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে- সরকারের এসব ঘোষণা একেবারেই প্রতারণামূলক। করোনার বিপর্যয়ে কোটি কোটি কর্মহীন মানুষ যখন অসহায় তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত কোনক্রমে মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে।
সরকারের আওতাধীন পাটকল গুলোকে আধুনিকায়ন, শ্রমিক, কর্মচারী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে ‘অংশীদারিত্ব ভিত্তিক ব্যবস্থাপনা’ গড়ে তুলে পাটকলগুলো চালু রাখতে হবে।
অপর এক বিবৃতিতে জেএসডি নেতৃবৃন্দ সোমবারের লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button