
ভারতে নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর পাঞ্জাবে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এমনকি পাঞ্জাবের বিধানসভার অধিবেশন শুরু হওয়ার মাত্র দুই দিন আগে রাজ্যের ২৩ জন এমপি-মন্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বৃহস্পতিবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ শুরুর পর পাঞ্জাব রাজ্যে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে।
গত ২০ আগস্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং ঘোষণা করেছেন, ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে চলবে নাইট কারফিউ। সেই সঙ্গে সমস্ত রকম জমায়েতও নিষিদ্ধ করেছেন তিনি।
এদিকে শুক্রবার থেকে পাঞ্জাব বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। অধিবেশনের দুই দিন বাকি থাকতেই জানা গেল ২৩ জন এমপি-মন্ত্রীর করোনা।
অমরিন্দর সিং এ প্রসঙ্গে বলেন, বিধানসভার মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝতে পারছেন!
বর্তমানে পাঞ্জাবে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার, মৃত্যু হয়েছে ১১৭৮ জনের।
সূত্র: এই সময়, আনন্দবাজার।




