পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ! জিতলে পাকিস্তান পাবে ১০০ কোটি

পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। এবার মাঠের বাইরেও কোহলিদের হারাতে প্রস্তুত হলো মোহাম্মদ আমিরদের বোর্ড। দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ নিয়ে দুই দেশেরই চাপান-উতোর চলছে বেশ কয়েক বছর ধরে। পাকিস্তান বার বার আবেদন করা সত্ত্বেও কর্ণপাত করেনি ভারতীয় বোর্ড। এবার সেই কারণেই আইনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড।
২০১৪ সালে ভারত-পাক দ্বিপক্ষীয় সিরিজ খেলার জন্য মউ স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। সেই চুক্তি অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে হাফডজন ক্রিকেট সিরিজ খেলার কথা দুই দেশের মধ্যে। যার মধ্যে চারটিই খেলার কথা পাকিস্তানের মাটিতে।
এর পর পাকিস্তান ভারতের মাটিতে অ্যাওয়ে সিরিজ খেললেও ভারত প্রতিশ্রুতিমতো পাকিস্তানে যেতে রাজি হয়নি। সীমান্তের টেনশনের আবহ গ্রাস করে ভারত-পাক ক্রিকেট সম্পর্ককেও। বারংবার বলা সত্ত্বেও বিসিসিআই কর্ণপাত না করায় এবার চরম পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, ‘‘ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য ব্রিটিশ ল-ফার্মের সাহায্য নিচ্ছি আমরা। ভারতীয় বোর্ড আমাদের জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত না দেয়ায় দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে পারছে না তারা। এর ফলে, ক্ষতিপূরণ বাবদ অর্থ দাবি করা হবে।’’ ক্ষতিপূরণের অঙ্কটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
পিসিবি সূত্রের খবর, এই আইনি যুদ্ধে জিতলে ভারতীয় বোর্ড ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে বাধ্য।
পাশাপাশি, শাহরিয়ার খানও একথাও স্পষ্ট করে দিয়েছেন যে, বাংলাদেশ পাকিস্তানে খেলতে না এলে, বাংলাদেশ-সিরিজে কোনোভাবেই যাবে না পাকিস্তান।



