পাকিস্তানে একটি পার্বত্য সড়কে একটি বরযাত্রিবাহী যানবাহন বন্যার পানিতে ভেসে গিয়ে একটি গিরিখাতে পড়লে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা এ খবর জানান।
পার্বত্য খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ মেহসুদ বলেন, ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানর সাতটি উপজাতীয় জেলার অন্যতম খাইবারের একটি প্রত্যন্ত গ্রামে ২০ জনের বেশি বরযাত্রী বহনকারী একটি পিক-আপ ট্রাক বন্যাকবলিত হলে এ দুর্ঘটনা ঘটে।
মেহসুদ জানান, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। তবে উদ্ধার কর্মী ও স্থানীয় বাসিন্দারা এলাকাটি দুর্গত ও পার্বত্য হওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা ওই ট্রাকে ঠিক কতজন যাত্রি হলেন তা জানি না। তবে স্থানীয়রা ২০ জনের বেশি যাত্রী ছিলো বলে জানিয়েছেন।
পাকিস্তানে এ মাসের গোড়ার দিকে থেকে প্রবল মৌসুমী বৃষ্টি শুরু হয়। এতে খাইবার-পাখতুন খোয়া ও পাঞ্জাবের মধ্যাঞ্চলের প্রদেশগুলো মারাত্মক বন্যা কবলিত হয়েছে।


