পাকিস্তানের পূর্বাঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত তিনটি নদীর পানি আটকিয়ে নিজেদের কাজে ব্যবহার করার ঘোষণা দিয়েছে ভারত। রোববার রাজস্থানে ওই নদীগুলোর পানি প্রবাহ আটকে রাখার ঘোষণা দিয়েছেন ভারতের পানি সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেছেন, ‘পাকিস্তানের পূর্বাঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনটি নদী। এসব নদী থেকে নয়া দিল্লি ০.৫৩ একর ফুট পানি আটকে রেখেছে।’
তিনি বলেছেন, ‘এই পানি জমা করে রাখা হয়েছে। রাজস্থান ও পাঞ্জাবে যখনই প্রয়োজন হবে তখনই তা ব্যবহার করা হবে।’
এ পানি পান করতে এবং কৃষিকাজে ব্যবহার করা যাবে। কাশ্মিরের পালওয়ামায় ১৪ই ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলার কয়েকদিন পরে একই রকম পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ভারতের আরেকজন মন্ত্রী নিতিন গড়করি।
প্রতিবেদনে আরো বলা হয়, নয়া দিল্লির সর্বশেষ এই অবস্থান কি ইন্দুস পানি চুক্তি লঙ্ঘন করে কিনা তা পরিষ্কার নয়। ১৯৬০ সালে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এর অধীনে পশ্চিমাঞ্চলীয় ইন্দুস, ঝিলম ও ছেনাব নদীর পানি ব্যবহারে ইসলামাবাদের কোনো বাধা নেই। অন্যদিকে একই রকম সুবিধা ভোগ করে ভারত পূর্বাঞ্চলীয় রবি, বিয়াস ও সুতলেজ নদীতে।




