শিক্ষাশিরোনাম

পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার ছাত্রীদের

ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ের সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয় তারা।
আন্দোলনকারীদের পক্ষ থেকে শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান নিশি এ ঘোষণা দেন। তবে আগামী ৫ ও ৬ অক্টোবর সিডিউল পরীক্ষা বর্জন করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার প্রথম দফায় সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা এবং দ্বিতীয় দফায় বিকেল সাড়ে ৩টায় থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীতে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, অবরোধ প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মঙ্গলবারের কর্মসূচি সমাপ্ত হবে। এছাড়া বুধবার থেকে ক্যাম্পাস গেটে তালা দেয়া হবে বলে জানান তারা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বুধবার গার্হস্থ্য অর্থনীতি কলেজে এ বছর থেকেই ছাত্র ভর্তি করে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে বিক্ষোভ করেন ছাত্রীরা।
এর আগে শিক্ষার্থীরা গত ২৪ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববদ্যিালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তারা সহশিক্ষার পাশাপাশি সব শাখায় ভর্তি কার্যক্রম ও বেতন কাঠামো নির্ধারণেরও দাবি জানান। সেই সাথে এ সংক্রান্ত নীতিমালার ক্ষেত্রে আরো স্পষ্টতার দাবি করেছেন তারা।
একই দাবিতে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার গ্রীণরোডে অবস্থিত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে সমাবেশ করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button