পরীক্ষা নিয়ে যাতে কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সোমবার সকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা নিয়ে কোথাও যাতে কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করবেন তা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
আরও বলেন, “কেউ যেন প্রশ্ন ফাঁস করতে না পারে, সে জন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। সুতরাং প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।”
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ পরীক্ষার্থী। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। তবে ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এবার ৩ হাজার ৫১২ কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন অংশ নিচ্ছে।



