বিনোদন

পরিপূর্ণ সুখী আমি: নেহা

পরপর দু-বার দুটি ব্রেকআপের পর নেহার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে চাউর হয়ে গিয়েছিল যে, মেয়েটির প্রেম টেকে না। অবশেষে চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হয় সংগীতশিল্পী নেহা কক্করের। দিল্লির গুরুদ্বারে বিয়ের কাজটি সারেন বলিউডের এই রিমেক কুইন। বিয়ের ২ মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন নেহা।
কয়েকদিন আগে ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে স্বামীর সঙ্গে এসেছিলেন নেহা কক্কর। এ সময় তিনি জানিয়েছিলেন, মাত্র ২৫ বছর বয়সে বিয়ে করে সংসারের দায়িত্ব সামলাতে দ্বিধাবোধ করছিলেন রোহনপ্রীত। কিন্তু নেহাই তাকে শেষমেশ রাজি করিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলেন।
গত শুক্রবার ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালোবেসে তাকে ধরে রেখেছেন রোহনপ্রীত। দু’জনের চোখ-মুখে উচ্ছ্বাস। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।
ছবির ক্যাপশনে নেহা কক্কর লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)।’ রোহানপ্রীতও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে।’ এছাড়া নেহা গণমাধ্যমে বলেন, ‘সত্যি নিজেকে পরিপূর্ণ সুখী মনে হচ্ছে এখন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button