
পতাকা ডেস্ক: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর জনাব বেলাল উদ্দিনকে নগদ টাকা বহনের অজুহাতে সৈয়দপুর বিমানবন্দরে আটক এবং এ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগাণ্ডা ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নেতৃদ্বয় বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি যাচাই-বাছাই করে অনাপত্তিপত্র প্রদান করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে অভ্যন্তরীণ রুটে এ ধরনের নগদ অর্থ বহনে আইনগত কোনো বাধা নেই। এরপরও সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা সম্পূর্ণ পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক হয়রানির অংশ।
তারা আরও বলেন, একটি আইনসম্মত বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে বিরোধী মতকে হেয় করা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি বন্ধের দাবি জানান।



