আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পরমাণু সমঝোতা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় জানাল পাঁচ জাতিগোষ্ঠী

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে পাঁচ জাতিগোষ্ঠী। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় মধ্যস্থতা করেছিলেন মোগেরিনি। গত মে মাসে আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে অবশিষ্ট পাঁচ জাতিগোষ্ঠী সমঝোতা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়।

নিউ ইয়র্কে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জারিফ ও মোগেরিনি

এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবারের বৈঠকে বলেন, নিষেধাজ্ঞার প্রভাব কমানো এবং তেল রপ্তানির অর্থ ইরানে পৌঁছানো হচ্ছে এই মুহূর্তে পরমাণু সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের তেলবিক্রি স্বাভাবিক রাখতে এবং ইরানের সঙ্গে ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন শুরু করতে একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগে ইউরোপীয় দেশগুলো ইরান বিরোধী নিষেধাজ্ঞায় আমেরিকাকে সমর্থন দিলেও এবার ইউরোপীয়রা ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানায়নি।
তারা উল্টো স্পষ্টভাবে বলে দিয়েছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে এটি বাতিল করা যাবে না বরং এটির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তবে ইউরোপীয় দেশগুলো এখনো আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে তেহরানকে কার্যকর কোনো সমাধান দিতে পারেনি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button