আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পরমাণু চুক্তি আর না মানার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করায় ২০১৫ সালের পরমাণু চুক্তির দ্বারা আরোপিত বিধিনিষেধ না মানার ঘোষণা দিয়েছে ইরান।
বিবিসি বাংলা জানায়, তেহরানে দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর এ ঘোষণা দেয় ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবারই ঘোষণা দেয়, দেশটি ২০১৫ সালের চুক্তির আলোকে পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতি আর কোনো শ্রদ্ধা প্রদর্শন করবে না।
সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই।’
গত ২০১৫ সালের চুক্তির আলোকে ইরান স্পর্শকাতর পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছিল।
কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এ চুক্তি থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, পরমাণু কর্মসূচি কমিয়ে আনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করতে ইরানকে একটি নতুন চুক্তিতে বাধ্য করবেন তিনি।
ইরান তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে এবং ধীরে ধীরে পরমাণু চুক্তি বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দৃশ্যত ওই চুক্তি থেকে পুরোপুরি সরে আসলো ইরান।
এদিকে ইরানের প্রতি নতুন করে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘যদি তারা কিছু করে, তাহলে বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে।’
ট্রাম্পের নির্দেশে শুক্রবার প্রথম প্রহরে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলেইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন। এতে ইরান ও ইরাকে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button