
পদ্মা নদীর তীব্র স্রোতের আজও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে লঞ্চ পারাপার ঝুকিপূর্ণ হওয়ায় গতকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে পারাপার হচ্ছেন।
স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারার আশঙ্কায় রাজবাড়ী জেলা প্রশাসক শুক্রবার (৪ অক্টোবর) লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন।
ছাড়া পদ্মায় স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচলেও ব্যাঘাত ঘটছে।
জানা যায়, গেল ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (৫ অক্টোবর) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গেল কয়েক দিন ধরে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই দৌলতদিয়ায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।
বর্তমানে এ রুটে ১৬টির মধ্যে ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ছয়টি ফেরি ঘাটের চারটি ঘাট চালু রয়েছে।




