
দীর্ঘ আন্দোলন, নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন তার পদত্যাগপত্রটি জমা দেন। পরে তিনি সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন।
সূত্রে জানা যায়, সোমবার বিভিন্ন কর্মসূচি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মন্ত্রণালয় উপস্থিত না থাকায় অতিরিক্ত সচিব পদত্যাগপত্রটি মন্ত্রীর হাতে তুলে দেন।
এর আগে পদত্যাগের ব্যাপারে মন্ত্রী, উপমন্ত্রী ও সিনিয়র সচিবের সঙ্গে উপাচার্য মৌখিকভাবে আলোচনা করেন বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘আমরা তার পদত্যাগপত্র পেয়েছি। এখন আইনগত প্রক্রিয়া দিকে এগিয়ে যাচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘তিনি (উপাচার্য) আর থাকতে চাচ্ছেন না। তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনা করছি। আপনারা যা বোঝার বুঝে নিন।’




