একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকাজ শুরুর উদ্দেশ্যে সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় বিভিন্ন পয়েন্টে উপস্থিত হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আওয়ামী লীগ সভাপতিও এ সময় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বুধবার সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন আওয়ামী লীগ সভানেত্রী। ছোট বোন শেখ রেহানা, ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ যাত্রায় তাঁর সঙ্গে আছেন।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া, নিমতলা, হাসাড়া, ছনবাড়, দোগাছি, মেদেনীমণ্ডল, মাওয়া ও শিমুলিয়া এলাকায় ব্যানার নিয়ে অপেক্ষায় থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শেখ হাসিনাকে একনজর দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় করেন সাধারণ জনগণও।
সকাল সোয়া ৯টার দিকে সিরাজদীখানের নিমতলা এলাকা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। সাড়ে ৯টার দিকে তাঁর গাড়িবহর অতিক্রম করে শ্রীনগরের ছনবাড়ী এলাকা। সে সময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী মাহী বি. চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল পৌনে ১০টা নাগাদ আওয়ামী লীগ নেত্রী লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পৌঁছান। সেখানে মুন্সীগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
পরে প্রধানমন্ত্রী শিমুলিয়া ভিআইপি ফেরিঘাটে রাখা ক্যামেলিয়ায় আরোহণ করলে সোয়া দশটার নাগাদ ফেরিটি মাদারীপুরের কাঠাঁলবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।



