নড়াইলের গীতিকার বিশু সিকদারের দু’কন্যার দায়িত্ব নিলেন জেমস্

মো: মামুন মোল্যা,নড়াইল প্রতিনিধি : নড়াইলের অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস্। সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৩টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের বাড়িতে আসেন জেমস্। এ সময় তিনি বিশু সিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মী শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিশু সিকদারের ছোট ভাই শাহ আলম সিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস্ সদ্য প্রয়াত আমার বড় ভাই সেলিম শিকদার বিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা এবং সপ্তম শ্রেণি পড়ুয়া সঙ্গীতা সুকন্যা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়া রশ্নির সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিশু শিকদারের স্ত্রী অ্যামেলি বেগম গণমাধ্যমকে বলেন, জেমস ভাইয়ের সঙ্গে বিশুর নিবিড় সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে কাজ করেছেন। গত সপ্তাহেও দুইটা নতুন গান ভাইকে দিয়ে এসেছেন। তার এভাবে হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।
অ্যামেলি বলেন, বড় মেয়েকে বলেছিলেন আমাদের বাড়িতে আসবেন, কিন্তু আমাদের বিশ্বাস হয়নি। ভাই আমার দুই মেয়ের সব দায়িত্ব নিয়েছেন। আমাদের পরিবারের যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকবেন বলেছেন। এত বড় একজন মানুষ আমাদের বাড়িতে বিপদের দিনে পাশে এসেছেন, আমি জেমস ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত: গত শনিবার বিকালে গীতিকার এস এম সেলিম সিকদার ওরফে বিশু সিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশু সিকদার নগর বাউল জেমস্ এর বিখ্যাত কিছু গান রচনা করেছিলেন। উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘দুষ্টু ছেলের দল’ ‘বিজলী’ ‘যদি এই শীতে’ ‘আমি তোমাদেরই লোক’ ‘সেলাই দিদিমণি’ ‘অবশেষে জেনেছি’ ‘তুফান।’ ইত্যাদি।




