শিরোনাম

‘নৌকা মার্কার প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নাই’

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন গাবতলী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. মোমিনুল হক শিলুকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসার দরকার নেই বলে হুমকি দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় গাবতলীর দাড়াইল বাজারে আওয়ামী লীগ প্রার্থীর প্রচার কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। তার ২ মিনিট ১৪ সেকেন্ডের বক্তব্যের ভিডিও দেশ রূপান্তরের হাতে এসেছে।
ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে সাজেদুর রহমান শাহীন বলেন, ‘নৌকা মার্কার প্রার্থী শিলুকে যে লোক ভোট দিবে সে ভোটকেন্দ্রে আসবে, না দিলে তার আসার দরকার নেই, ঘরের লোক ঘরেই থাক।
তিনি আরো বলেন, ‘আপনারা প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের এনে ভোটকেন্দ্র ভাগ করে দেবেন। সেখানে একজনকে কমান্ডার বানিয়ে দেবেন। সেখানে সেই কমান্ডারের নেতৃত্ব চলবে। ’
নেতাকর্মীদের প্রশ্ন করে তিনি বলেন, ‘এখন কি মার খাওয়ার সময় আছে? এখন মার দেওয়ার সময় আছে। …আমরা মারব। …ধানের শীষ মার্কা নিয়ে যে কথা বলবে তার উপর গজব হবে। আমরা মেয়রে দাঁড়িয়েছি, মেয়র নিব ….যেমন করে আমরা গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছি সেই ভূমিকা নিয়েই মেয়র করতে হবে’।
এ ব্যাপারে শাহীন বলেন, ‘নির্বাচনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে আমি এই কথা বলেছি। ’
জানতে চাইলে গাবতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রওনক জাহান (গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা) বলেন, ‘আজ (সোমবার) বিকেলে ভিডিও ফুটেজটি আমার কাছে এসেছে।
এখানে সেই আওয়ামী লীগ নেতা যে বক্তব্য দিয়েছেন তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। এই বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) তাকে একটি শোকজ নোটিশ পাঠানো হবে। ’
৩০ জানুয়ারি বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীসহ পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সুত্র : দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button