
দুই বছর আগে উপহার দেয়া হেলিকপ্টারের মূল্য চেয়ে নেপালের ওপর চাপ সৃষ্টি করেছে ভারত। এই নিয়ে পুরো নেপাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টারের মূল্যও নেহায়েত কম নয়। মেইন্টেনেন্স খরচ ও সুদ-আসল মিলিয়ে এক দশমিক সাতাশ বিলিয়ন ভারতীয় রুপি দাবি করেছে ভারত।
বলা হচ্ছে, দুই বছর আগে নেপালে সার্ক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার কাছে এই হেলিকপ্টারটি উপহার দিয়েছিলেন।
‘ধ্রুব মার্ক-৩’ নামের এই হেলিকপ্টারটি ২০১৪ সালের ১৭ নভেম্বর নেপালের সামরিক প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে সৌজন্য উপহার হিসেবে মোদি কৈরালাকে উপহার দেন।
এরপর নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা তৎকালীন সেনাপ্রধান গৌরব সুমেশ্বরের কাছে হেলিকপ্টারটি হস্তান্তর করেন। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের সময় ত্রাণ বিতরণ ও মানুষ উদ্ধারে এই হেলিকপ্টারটি নেপালের খুবই কাজে লাগে।
এতোদিন পর ভারত হেলিকপ্টারটির মূল্য সুদ-আসলসহ এবং এটির মেইন্টেনেন্স খরচ মিলিয়ে এক দশমিক সাতাশ বিলিয়ন ভারতীয় রুপির একটি বিল নেপাল সরকারের কাছে পাঠিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র শিব প্রসাদ জানান, হেলিকপ্টারটি রিপেয়ারের জন্য ভারতীয় টেকনিক্যাল টিমের নেপাল আসা-যাওয়ার খরচ এই বিলের মধ্যে সংযুক্ত করা হয়েছে।
এদিকে এই বিলের ব্যাপারে নেপালের ভারত দূতাবাস জানিয়েছে, এটি উপহার নয়। স্বল্প সুদে ঋণের মাধ্যমে কিছু শর্তসাপেক্ষে এই হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নেপালকে দেয়া হয়েছিলো। এখন নেপালকে এই বিল পরিশোধ করতে হবে।




