রাজনীতি

নেত্রীর আহবান মেনে নির্বাচনের প্রস্তুতি নিন: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সামনে আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দলকে ঐক্যবদ্ধ করার জন্য গ্রামে গ্রামে যান। উঠান বৈঠক করুন, নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতির জন্য নেত্রীর আহবান মেনে চলুন। ঐক্যবদ্ধ হউন, দলে অন্ত:কলহ সৃষ্টি করবেন না।
মন্ত্রী শুক্রবার সড়কপথে ঢাকা থেকে নোয়াখালীতে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে কুমিল্লার নেতাকর্মীদের সংবর্ধনা ও পৃথক পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, নেত্রীর বর্তা হলো- দল করতে হলে দলের নিয়ম কানুন মেনে চলতে হবে। যারা তা মেনে চলবেন না, তাদের দলে থাকার কোনো অধিকার নেই।
জানা গেছে, মন্ত্রী কুমিল্লা জেলায় প্রবেশের পর ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, কালাকচুয়া, সৈয়দপুর, আলেখারচর, কোটবাড়ী, পদুয়ার বাজার বিশ্ব রোড, চৌদ্দগ্রামের মিয়ার বাজারসহ কয়েকটি পয়েন্টে রাস্তার পাশে দাঁড়িয়ে আ’লীগ ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মিয়ার বাজারে হোটেল হাইওয়ে ইন ও পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নুর জাহান চত্বরে আয়োজিত সংবর্ধনায় ওবায়দুল কাদের আরও বলেন, আ’লীগ যেন আ’লীগের শত্রু না হয়। যাদের দলে শত্রু আছে তাদের বাইরের শত্রুর দরকার নেই।
এসময় কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মী, জেলা ও পুলিশ প্রশাসন এবং সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button