নূরে আলম হত্যার প্রতিবাদ রাঙামাটি ছাত্রদলের

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা ও ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্যায়ভাবে পুলিশের গুলি বর্ষণে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে বনরূপায় সমাবেশ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। উপস্থিত ছিলেন জেলা শাখা কলেজ শাখা, পৌর শাখা, সদর থানা শাখা ও নয়টি ওয়ার্ড শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যে আইন-শৃঙ্খলা বাহিনী মানুষের জীবনের নিরাপত্তা দিবে, আজ সেই আইন-শৃঙ্খলা বাহিনী সরকারের পেটুয়া বাহিনী হিসেবে পরিনত হয়েছে। পুলিশ ভোলা জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে ৬০ জন নেতাকর্মীকে আহত করেছে। তাদেরকে হাসপতালে ভর্তি করা হলে সেখানে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা যান। এই আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্বে যে পরিমান হামলা, মামলা, গুম খুন করেছে যা বিগত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি।
উল্লেখ্য, বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।




