Uncategorized

নিষেধ অমান্য করে পারাপার, ট্রাকসহ সেতু খালের পানিতে

বগুড়ার ধুনটে শেরপুর-ধুনট পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের বেইলি সেতু ভেঙে বালু বোঝাই ট্রাক খালের পানিতে পড়ে গেছে। এতে তলিয়ে গেছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। তবে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে ওই ওই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে বেইলি সেতুটি ভেঙে দুই খণ্ড হয়ে সারাদেশের সঙ্গে ধুনট উপজেলার সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার যমুনা নদী থেকে প্রায় ২৫ টন ওজনের বালু বোঝাই একটি ট্রাক শেরপুর শহরের দিকে যাওয়ার পথে সেতুটি ভেঙ্গে পড়ে। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে গত ১৯৯২ সালে বগুড়ার শেরপুর-ধুনট পাকা সড়কের মাঠপাড়া গ্রামে একটি খালের ওপর ৬২ মিটার বেইলি সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত ওজন বোঝাই ভারি যান চলাচল করে আসছিল। এতে ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরও থেমে থাকেনি অতিরিক্ত ওজন বোঝাই যানবাহনের পারাপার।
সেতুটি গত এক বছরে কমপক্ষে ১২ বার ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। সওজ কর্তৃপক্ষ বার বার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করলেও বেশিদিন টেকেনি। পরে নির্দিষ্ট ওজন নিয়ে যান চলাচল করতে বলা হলেও তা মানা হয়নি।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ডুবে থাকা ট্রাকে তল্লাশি করে কাউকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক ও সহকারী ট্রাকের ভেতর থেকে খালের পানিতে ঝাঁপিয়ে পড়েছে। পরে তারা সেখান থেকে পালিয়ে গেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ভেঙে পড়া সেতুর দুই পাড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহম্মাদ আশরাফুজ্জামান বলেন, নিষেধ অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের মালিককের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভেঙে পড়া সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button